খবর বরিশাল ডেস্ক :
ভোলার দৌলতখানে অস্ত্রসহ গ্রেপ্তার উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা নাহিদ হোসাইনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার পুলিশের একটি বিশেষ দল উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় নাহিদের বসতঘরের শয়নকক্ষে তোশকের নিচ থেকে ১টি সেমি অটোমেটিক ক্যালিবার ৭.৬২ মিমি চায়না তৈরি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, নাহিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সানজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার জানান, আইনশৃঙ্খলা ভঙ্গ ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে (প্রায় সাত মাস আগে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চরপাতা ইউনিয়ন ছাত্রদলের তৎকালীন যুগ্ম আহ্বায়ক নাহিদ কাজীকে পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply