বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪২

জমির রেজিস্ট্রি খরচ ও সরকারি মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

জমি রেজিস্ট্রেশন ফি কমানো, হস্তান্তর করা জমির মূল্য নির্ধারণে জটিলতা দূর করা এবং মৌজাভিত্তিক সরকারি নির্ধারিত জমির মূল্য পুনর্মূল্যায়নের দাবিতে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার জমির মালিক, ক্রেতা ও বিক্রেতারা অংশ নেন।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নলছিটি-বরিশাল সড়কের খোজাখালি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন সরকারি ফি বৃদ্ধি এবং মৌজাভিত্তিক জমির মূল্য বেশি নির্ধারণ করায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে জমি বিক্রি করে যে পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে, তার তুলনায় দলিল রেজিস্ট্রেশনের খরচই বেশি হয়ে যাচ্ছে। ফলে প্রয়োজনের সময় জমি বিক্রি ও কেনাবেচা করতে গিয়ে মানুষ সমস্যায় পড়ছেন।

 

 

মানববন্ধনে বক্তারা জমি রেজিস্ট্রেশনের ব্যয় কমানো, মৌজাভিত্তিক সরকারি নির্ধারিত জমির মূল্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ এবং জমি কেনাবেচায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 

কর্মসূচিতে বক্তব্য দেন মো. ফেরদৌস খান। তিনি বলেন, সরকারি বিভিন্ন ফি ও মৌজাভিত্তিক জমির মূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ জমি কেনাবেচা ও রেজিস্ট্রেশন করতে পারছেন না। এতে নলছিটি উপজেলার বিভিন্ন মৌজায় জমির কেনাবেচা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেকে নিজেদের প্রয়োজনীয় জমি বিক্রি করেও সেই অর্থ দিয়ে প্রয়োজন মেটাতে পারছেন না।

 

মানববন্ধনে প্রকৌশলী বাবুল বলেন, সরকার নির্ধারিত জমির মূল্য অনেক ক্ষেত্রে বাস্তব বাজারমূল্যের তুলনায় বেশি। এর ফলে জমি রেজিস্ট্রেশনের সময় খরচও অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। একই সঙ্গে জমির প্রকৃত ক্রয়-বিক্রয়মূল্য এবং রেজিস্ট্রেশন মূল্যের মধ্যে অসামঞ্জস্য তৈরি হচ্ছে।

 

 

মো. আবজাল মৃধা বলেন, পৌর এলাকায় জমি কেনাবেচার ক্ষেত্রে উৎসকর বাবদ প্রতি শতাংশে ১০ হাজার টাকা পরিশোধ করতে হচ্ছে। এই ব্যয় জমির ক্রেতাদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি পৌর এলাকায় জমি কেনাবেচার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাও যৌক্তিকভাবে বিবেচনার দাবি জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net