খবর বরিশাল ডেস্ক ::
সরকারি চাকরির মৌখিক (ভাইভা) পরীক্ষায় নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকারকে সতর্ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছেন, আর ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না।’
বুধবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে। একই দিন রাতে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সভায়ও বক্তব্য দেন নাহিদসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
বিশ্ববিদ্যালয়ের সভায় নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন, চাকরির মৌখিক পরীক্ষার নম্বর হলো দলীয় নিয়োগের সুযোগ। এখন ক্ষমতায় গিয়ে তিনি মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাব করছেন। সরকারের কাছে এ বিষয়ে যথাযথ যুক্তি থাকলে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংস্কার করার আহ্বান জানান তিনি।
নাহিদ বলেন, সবার সঙ্গে আলোচনা না করে ভাইভার নম্বর বাড়ানো হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশক নিয়ে একটি ট্রেন্ড শুরু হয়েছে। এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে। আমরা মনে করি, সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক। পুরো পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, এটা সবার প্রত্যাশা।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এমন আন্দোলন গড়ে তোলা হবে, যাতে সরকার টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলাল।
সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply