খবর বরিশাল ডেস্ক ::
বরিশালের বাকেরগঞ্জে এক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর ৩৯ সেকেন্ডের একটি ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পরে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, তিন ব্যক্তি একসঙ্গে বসে জুয়া খেলছেন।
তারা হলেন বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম এবং পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন। তবে অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ওই ভিডিওতে আরও দেখা যায়, জুয়া খেলার সময় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ইফতেখার উদ্দিনকে টাকায় চুমু খেতে দেখা যায়। তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
কয়েকজন বাসিন্দা বলেন, রাজনৈতিক নেতা ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তারা ঘটনাটি যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা ওবায়দুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একটি সামাজিক অবস্থানে আছি। সামনে নির্বাচন করব। এ নিয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে এই ভিডিও ছড়াতে পারে। আমি এ বিষয়ে আইনের আশ্রয় নেব।’
পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিনের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন জোমাদ্দার বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত আমার নজরে আসেনি। এরকম কিছু ঘটে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল বলেন, ‘ভিডিওটি দেখেছি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply