বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৩

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯, নতুন জিপিএ-৫ ১১২

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। পুনঃমূল্যায়নে ১ হাজার ৫ শিক্ষার্থীর গ্রেড এবং ৩ হাজার ১১৮টি খাতার নম্বরে সংশোধন করা হয়েছে। এর ফলে ফেল থেকে পাস করেছেন ৭৯ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুনঃমূল্যায়নের ফল প্রকাশ করা হয়।

বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮০ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ফল পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেন ১৭ হাজার ২৮৩ জন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৫০ হাজার ২৯৩টি খাতা পুনঃমূল্যায়ন করা হয়েছে।

পুনঃমূল্যায়নের ফল আবেদনকারীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বা https://rescrutiny.eduboardresults.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে। একই সঙ্গে আবেদনকারীদের দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার মূল ফলাফল প্রকাশ করা হয়। দীর্ঘদিন তুলনামূলক উচ্চ পাসের হার থাকার পর বিগত দুই বছর ধরে এসএসসির ফল কিছুটা নিম্নমুখী রয়েছে। এ বছর শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও প্রায় ১৯ হাজার কমেছে।

আবেদনকারীরা মোট তিনটি উপায়ে এই ফল জানতে পারবেন। এসএসসি পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হয়েছে। এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাচ্ছে। এ জন্য পরীক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফল সংগ্রহ করতে হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net