খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল নগরীর কাউনিয়া থানার ৩ নম্বর ওয়ার্ডের ময়লাখোলায় পরিবেশদূষণ ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এ সময় তিনি নগরীতে আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান।
রোববার (১৮ অক্টোবর) ময়লাখোলা পরিদর্শনকালে তিনি সেখানে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য এবং আশপাশের পরিবেশের অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথাও শোনেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, নগরীর প্রায় ৩০টি ওয়ার্ডের বর্জ্য এখানে জমা করা হয়। এতে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ও মশার উপদ্রব বেড়েছে। ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ময়লার বিশাল স্তূপ পাহাড়ের মতো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধান না পাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
পরিদর্শনকালে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক, পরিকল্পিত ও পরিবেশসম্মত পদ্ধতি চালু করা জরুরি। অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে পরিবেশদূষণ হলে তার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ও জনস্বাস্থ্যের ওপর।
তিনি আরও বলেন, ময়লাখোলার আশপাশে বসবাসকারী মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বর্জ্য সংগ্রহ, অপসারণ ও প্রক্রিয়াজাতকরণে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি দুর্গন্ধ ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বরিশাল নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য রাখতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করার জন্য তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শামীম কবির, কাউনিয়া থানা জামায়াতের আমির মো. মোস্তাফিজুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সোলায়মান শামীম, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply