খবর বরিশাল ডেস্ক :
বরিশালে আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা। নগরের সোনা মিয়ার পুল সংলগ্ন নাসির কমপ্লেক্স হাউজিং ময়দানের ১৪ একর বিস্তৃত মাঠে অনুষ্ঠিতব্য এ ইজতেমায় কয়েক লাখ মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
ইজতেমার প্রস্তুতি সম্পর্কে তাবলীগ জামায়াতের মার্কাজ ব্যবস্থাপনার সাথী রাশেদ জানান, মাঠ প্রস্তুতের কাজ ইতোমধ্যে বেশ অগ্রসর হয়েছে। মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের মুসল্লিরা এবার ইজতেমায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, “মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত টয়লেট, ওজুর জন্য ট্যাপ–পাশের পুকুর এবং টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে। রাতের জন্য বৈদ্যুতিক আলোরও ব্যবস্থা রাখা হয়েছে। যথাসময়ে পুরো মাঠ প্রস্তুত হয়ে যাবে।”
তিন দিনব্যাপী এ ইজতেমা ১৮ ডিসেম্বর ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এবং ২০ ডিসেম্বর জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে।
ইজতেমা মাঠের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল মহানগর পুলিশ জানায়, মাঠে সাদা পোশাকে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
সরেজমিনে দেখা গেছে, পূর্বের ধারাবাহিকতায় এবারও প্রস্তুতির কোনো ঘাটতি নেই। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তাবলীগ জামাতের মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে মাঠ প্রস্তুতিতে সহযোগিতা করছেন। বরিশাল সিটি করপোরেশনও মাঠ গোছানোসহ বিভিন্ন কাজে সহায়তা করছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ ডিসেম্বর বরিশালে প্রথম জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন মুসল্লিদের ঢলে মাঠ উপচে আশপাশের সড়ক ও বাড়িঘর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছিল ভিড়। এবারও তেমনই সমাগমের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আয়োজকরা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply