খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল অঞ্চলে এবার রেকর্ড পরিমাণ ১ হাজার ৭১৮টি মন্ডপে সার্বজনীন ও পারিবারিক পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ইতোমধ্যে প্রায় সব পূজামন্ডপেই বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আজ (বুধবার) বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই বেশিরভাগ মন্ডপে দেবী বিসর্জন সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করেছে এবার। পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অনুকূল থাকায় বরিশালসহ এ অঞ্চলের কোথাও বিজিবি মোতায়েন করা হয়নি। দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও আনন্দময় করতে এবার বরিশাল মহানগরীসহ এ অঞ্চলের মন্ডপগুলোতে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশালের নগর প্রশাসকসহ সদর আসনের এমপি ছাড়াও বিভিন্ন এলাকার সংসদ সদস্যগণ, বিভাগীয় কমিশনার, পুলিশের রেঞ্জ ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনার প্রতিদিনই বিভিন্ন পূজামন্ডপ সরেজমিনে পরিদর্শন করছেন।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব উদযাপনে এবার যথেষ্ট উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্যণীয়। নজিরবিহীন আলোকসজ্জা। বরিশাল মহানগরীসহ অঞ্চলের শপিং মল ছাড়াও বিভিন্ন দোকানপাটে ক্রেতাদের বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবার দুর্গাপূজার ছুটি একদিন বৃদ্ধি করায় টানা ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন দেশবাসী। ফলে পূজার আনন্দ উপভোগ করতে বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী মানুষই নাড়ির টানে গ্রামে ছুটবেন বলেও আশা করা যাচ্ছে। ইতোমধ্যে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে নিকটজনের কাছে ফিরেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
বরিশাল মহানগরীর ৯০টি মন্ডপে এবার দুর্গাপূজা উদ্যাপিত হতে যাচ্ছে। এর মধ্যে ৮৫টি সার্বজনীন ও ৫টি পারিবারিক মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে। এবার প্রতিটি পূজামন্ডপে ২ জন করে সশস্ত্র পুলিশ ছাড়াও ৫ জন সশস্ত্র ও নিরস্ত্র আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৫-৬টি করে মন্ডপ নিয়ে পুলিশের ১টি করে টহল দল ছাড়াও গোয়েন্দা পুলিশের ভ্রাম্যমাণ দল এবং মন্ডপভিত্তিক গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি এসআরবি’র একাধিক টিমও পুলিশের সাথে সমন্বয় করে টহলে রয়েছে। বিভিন্ন নিরাপত্তা বাহিনী গোয়েন্দা নজরদারি করবে বলে জানা গেছে।
একইসাথে দমকল বাহিনীকেও যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এমনকি বরিশাল মহানগরীর যে ৩টি স্থানে দেবী বিসর্জনের কথা রয়েছে, সেখানেও দমকল বাহিনী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।
অপরদিকে বরিশাল রেঞ্জের ৪২টি থানায় আরো ১,৬২৮টি মন্ডপে পূজা উদযাপনে সব ধরনের নজরদারি অব্যাহত রয়েছে। তবে এ অঞ্চলে কতগুলো সার্বজনীন ও কতটি পারিবারিক মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে, তা বলতে পারেনি পুলিশের বরিশাল রেঞ্জ কার্যালয়। এমনকি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় ঠিক কত পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, তাও বলতে পারেনি বরিশাল রেঞ্জ সদর দপ্তর।
তবে বরিশাল মহানগরীসহ সমগ্র দক্ষিণাঞ্চলজুড়েই এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনাসহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথেই দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply