খবর বরিশাল ডেস্ক ::
জাতীয় যুব দিবস উদযাপন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বরিশাল নগরীর তিরিশ গোডাউন এলাকার সেলফি রোডে আজ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়।
নিজ হাতে ঘাস কেটে এবং ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযানে অংশ নেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার এবং বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা সম্মিলিতভাবে এলাকার ঘাস কাটা, ঝোপঝাড় পরিষ্কার ও ময়লা-আবর্জনা অপসারণ করেন।
এ সময় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কার্যক্রম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। নিজের শহর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। বিশেষ করে যুবসমাজকে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জাতীয় যুব দিবস উপলক্ষে এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে এ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply