শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭

শিরোনাম :
‘বিএনপি নয়, আ.লীগই ক্ষমতায় আসতে ষড়যন্ত্র করছে’

‘বিএনপি নয়, আ.লীগই ক্ষমতায় আসতে ষড়যন্ত্র করছে’

dynamic-sidebar

অনলাইন ডেস্ক: বিএনপি নয়, আওয়ামী লীগই পেছনের দরজা দিয়ে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য এই দলটি (আওয়ামী লীগ) পেছনের দরজা দিয়ে চেষ্টা চালায়। এবারও তারা জনগণকে ভুল বুঝিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।’

‘তারা (আওয়ামী লীগ) মনে করেছে, আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি একতরফা একদলীয় নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে। আমরা আবারও বলছি, ২০১৪ সালে যে নির্বাচন হয়েছে, সেটা ২০১৮ সালে হবে না। এ দেশের মানুষ তা মেনে নেবে না,’ বলেন মির্জা ফখরুল।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের হারানো সিংহাসন ফিরে পাওয়ার রঙিন খোয়াব দেখতে দেখতে মাতোয়ারা হয়ে পড়েছে। সব হারিয়ে তারা এখন দিশেহারা। তারা অন্ধগলি দিয়ে ক্ষমতায় যেতে চায়।’

গত ৮ জুলাই পূর্ব লন্ডনের মুরফিল্ড চক্ষু হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে সফল অস্ত্রোপচার হয়।

লন্ডনে খালেদা জিয়ার চোখে অস্ত্রোপচারের পরবর্তী অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘তার সফল অস্ত্রোপচার হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন সুস্থ আছেন। আমরা আজ ও কাল কেন্দ্রীয়ভাবে দুই দিন সারা দেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় আমাদের দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা জানাতে কর্মসূচি নিয়েছি।’

খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে ক্ষমতাসীন দল অপপ্রচার চালাচ্ছে, এ অভিযোগ করে তিনি বলেন, ‘দেশনেত্রী চিকিৎসার জন্যে লন্ডনে যাওয়ার পরে সরকার ও ক্ষমতাসীন দল অনেক নাটক সাজিয়েছে। তারা দেশনেত্রীর এই লন্ডন সফরকে হীন রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছে, এমনকি ষড়যন্ত্রের সফর বলেও আখ্যায়িত করেছে।’

ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ক্ষমতাসীন দলের অসন্তোষের কথা তুলে ধরে তিনি বলেন, ‘রায় ঘোষণার পরে আওয়ামী লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে এবং তারা এমন সব মন্তব্য করেছে যে মন্তব্য শুধু অশালীনই নয়, তা আদালত অবমাননার শামিল। গতকাল একজন মন্ত্রী, যিনি নিজে হাইকোর্ট দ্বারা সাজাপ্রাপ্ত, তার মন্ত্রিত্ব থাকা উচিৎ নয়, তিনি আবার প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। খুব চিৎকার করে কথা বলছেন।’

‘আমি বলতে চাই, আগে নিজের মুখের দিকে তাকান। নিজেদের চেহারা আয়নাতে দেখুন। আপনারা যেসমস্ত কথা বলছেন, কোথায় নিয়ে গেছেন রাষ্ট্রকে, কোথায় নিয়ে গেছেন দেশকে। সত্য কথা বেরিয়ে এসেছে আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে,’ বলেন বিএনপির মহাসচিব।

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ মহানগর কমিটি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net