খবর বরিশাল ডেস্ক:
বরিশাল নগরীর কাশিপুরে মহিন তালুকদার (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত মহিন তালুকদার বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর ইছাকাঠী প্রধান সড়কের তালুকদার বাড়ির মনির তালুকদারের ছেলে।
পরিবারের অভিযোগ, মহিনকে গলায় রশি দিয়ে ঝুলিয়ে হত্যার পর আত্মহত্যার ঘটনা সাজানোর চেষ্টা করেছেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। তাঁদের দাবি, পুলিশের উপস্থিতি ছাড়াই শ্বশুরবাড়ির লোকজন নিজেরাই গলার রশি খুলে মহিনকে উদ্ধার করেন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মহিন মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামের কাজীবাড়িতে স্ত্রী সোহানার (১৮) সঙ্গে বসবাস শুরু করেন। সেখানে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। স্বামী-স্ত্রীর সংসার স্বাভাবিকভাবেই চলছিল বলে পরিবারের দাবি। এর মধ্যে গতকাল শ্বশুরবাড়ি থেকে ফোন করে মহিনের আত্মহত্যার খবর জানানো হয়।
এদিকে হাসপাতালে মরদেহ আনার পর শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখতে পান বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। এসব ক্ষতচিহ্নের বিষয়ে সন্দেহ প্রকাশ করে তাঁদের ধারণা, মহিনকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় মহিনের শ্বশুরবাড়ির কারও বক্তব্য পাওয়া যায়নি। মুলাদী থানার পুলিশের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply