নিজস্ব প্রতিবেদক: দেশের সকল নাগরিকের জন্য জীবিকার নিশ্চয়তা, খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিতের জন্য খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে নগরীতে গণজমায়েত ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বখাদ্য দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংগঠন প্রান্তজন এবং খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বাংলাদেশ’র আয়োজনে রোববার সকাল ১০টা বরিশাল অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে এই কর্মসূচী পালিত হয়। বক্তারা বলেন, ‘সংবিধানে খাদ্যকে জীবনধারণের মৌলিক চাহিদা হিসাবে চিহ্নিত করা হলেও ২০১৯ সালের বিশ্ব খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশ ৮৩তম অবস্থানে রয়েছে।
গবেষকরা বলছেন, করোনার লকডাউনে দেশের প্রায় ৯৮.৩ শতাংশ দরিদ্র মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৮৭ শতাংশ দরিদ্র মানুষ পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য সঙ্কটে ভুগেছে। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান বলছে, দেশের পরিবারগুলোর আয় ২০.২৪ শতাংশ কমেছে।
তাই দেশের সকল মানুষের জীবিকা, সংস্কৃতিভেদে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার জন্য এখনই জাতিসংঘ কৃষি ও খাদ্য সংস্থার ভলেন্টারি গাইডলাইনের আলোকে দেশে খাদ্য অধিকার আইন প্রণয়ন করা জরুরি। এই আইন প্রণীত হলে সকল মানুষের খাদ্য ক্রয়ের জন্য আয়, খাদ্যের যোগান এবং সংস্কৃতিভেদে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের আইনী বাধ্যবাধকতা তৈরি হবে। মাননীয় প্রধানমন্ত্রী ২০২৬ সালে খাদ্য অধিকার বিষয়ক আইন প্রণয়নের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে এখন পর্যন্ত কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি।
এই কর্মসূচির মাধ্যমে আমরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং খাদ্য নিরাপত্তা আইন অবিলম্বে প্রণয়নের দাবি জানাচ্ছি।’ সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ-সাজেদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যাপ’র নিবাহী পরিচালক শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, নারী সমাজ কর্মী অধ্যাপিকা শিবানী চৌধুরী, ক্যাব’র সমন্বয়কারী রনজিত দত্ত, ভিবিডিএস এর নির্বাহী পরিচালক আব্দুল গফফার খান, আরোহী এর নির্বাহী পরিচালক জনাব এ.টি.এম খোরশেদ আলম, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না ও দুলাল বনিকসহ খাদ্য অধিকার আন্দোলন কমিটির সদস্য, নারী কৃষকদের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের উন্নয়নকর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply