খবর বরিশাল ডেস্কঃ
বরিশাল নগরীর কেন্দ্রীয় গোরস্থানের পাশের সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহানো সড়কের দ্রুত সংস্কার এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার দাবিতে শুক্রবার (২ মার্চ) চৌমাথা-বটতলা সড়কের গোরস্থান রোডে সম্মুখে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তাদের অভিযোগ, নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ সড়কটি বছরের পর বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে পানি জমে যায়, কাদা হয়ে উঠে চলাচলের অযোগ্য। বক্তারা বলেন, শুধু স্থানীয়রাই নন, বরং পুরো বরিশাল জেলা থেকে অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করে তাদের প্রিয়জনের কবর জিয়ারত করতে আসেন। বিশেষত শুক্রবারে গোরস্থানে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিন্তু দুর্বল অবকাঠামোর কারণে সবাইকেই ভোগান্তি পোহাতে হয়।
“আমরা বহুবার সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি,” বলেন এক স্থানীয় বাসিন্দা। তাদের অভিযোগ, সড়ক উন্নয়নের নামে একাধিকবার বরাদ্দ আসলেও কাজ শুরু হয়নি। বরং এসব বরাদ্দের অর্থ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। মানববন্ধনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং রাস্তাটি দ্রুত সংস্কারের জোর দাবি জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সংস্কার না হলে তারা বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply