সংবাদ সম্মেলনের সাত ঘণ্টার মাথায় আলোচিত আওয়ামী লীগ নেতা বাচ্চু গ্রেফতার
খবর বরিশাল ডেস্ক॥
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো আলোচিত আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খান বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে নগরীর বান্দ রোডে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নিজের ব্যবসা প্রতিষ্ঠান সোনার বাংলা মটরস্ থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মনিরুজ্জামান খান বাচ্চু বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের আমলে নিজ দলের নেতাকর্মী কর্তৃক তার গলায় জুতার মালা পড়ানোর একটি ভিডিও ভাইরাল হলে আলোচনায় আসেন তিনি। তাকে ২০২৪ এর পাঁচ আগস্ট পরবর্তী মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খান বাচ্চুর বিরুদ্ধে সৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
নগরীর নাজির মহল্লায় বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহসিন উদ্দীন।
তিনি অভিযোগ করেন, গত ২৬ মে দুপুরের পর ১১ নম্বর ওয়ার্ডের সোনার বাংলা মটরসের একটি কক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন চরামদ্দী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান বাচ্চু। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গিয়ে গিয়ে তাকে অবরুদ্ধ করে।
তবে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় পালিয়ে যায় বাচ্চু। যার সিসিটিভির একাধিক ফুটেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে রয়েছে। তিনি অভিযোগ করেন, মনিরুজ্জামান খান বাচ্চুকে অবরুদ্ধ রেখে আমরা কোতয়ালী মডেল থানায় খবর দেই। কিন্তু থানার ওসি মিজানুর রহমান ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যান। তিনি পুলিশ না পাঠিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে থানায় ধরে নিয়ে যেতে বলে আমাদের।
তারা আরও অভিযোগ করেন, মনিরুজ্জামান খান বাচ্চুকে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ রাখার সিসি টিভির ধারণকৃত ফুটেজ থেকে নেয়া একটি স্থির চিত্র ফেসবুকে ছড়িয়ে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার করা হয়। বিষয়টি নজরে আশায় সংবাদ সম্মেলন করতে বাধ্য হন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
উক্ত সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক অর্ণব মুবিন, সদস্য ইতিয়াজ আহমেদ তামিম, বরিশাল জেলা কমিটির সদস্য বায়েজিদসহ সংগঠনের জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরের সংবাদ সম্মেলনের পর পরই সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চরাদি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান বাচ্চুকে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply