খবর বরিশাল ডেস্ক :
বাংলাদেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভাগীয় শহরগুলো সফরে বের হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই ধারাবাহিকতায় রোববার (২৯ জুন) তিনি বরিশাল স্টেডিয়াম পরিদর্শনে আসেন। তবে এখানে এসে বিব্রতকর এক বাস্তবতার মুখোমুখি হন তিনি, এক যুগ ধরে বরিশালে কোনো লিগ ক্রিকেট আয়োজন হয়নি।
পরিদর্শন শেষে স্থানীয় সংগঠক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি বলেন, “এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম, তারা চোখের পানি ফেলে বললো—এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই খুব লজ্জার বিষয়।” তিনি আরও বলেন, “বরিশালের মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগে এতদিন ধরে কোনো ধরনের প্রতিযোগিতা না হওয়া মানে আমরা দেড়-দুই হাজার সম্ভাবনাময় ক্রিকেটারকে হারিয়ে ফেলেছি।
এটা ক্রিকেটের জন্য বড় ক্ষতি।” উল্লেখযোগ্য বিষয় হলো, বিপিএলে ফরচুন বরিশাল দুইবারের চ্যাম্পিয়ন দল হলেও স্থানীয় পর্যায়ে বরিশালের ক্রিকেট কার্যক্রম একেবারেই স্থবির। তবুও বরিশালের প্রতি মানুষের ভালোবাসা এতটাই গভীর যে, ঢাকাসহ সিলেট-চট্টগ্রামেও দলকে সমর্থন দিতে দর্শকের ঢল নামে। সর্বশেষ শিরোপা জয়ের পর বরিশালে ট্রফি উদযাপনে ছিল চোখে পড়ার মতো জনসমাগম। বিসিবি সভাপতি আশ্বাস দিয়ে বলেন, “ভবিষ্যতে এই ভুল আর করবো না। আমাদের সাধ্য অনুযায়ী বরিশালসহ প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত লিগ আয়োজন করতে চাই।
এখান থেকেই আমরা নতুন প্রতিভা তুলে আনতে চাই।”তিনি আরও জানান, বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে বর্তমানে সংস্কারকাজ চলছে, তাই কিছুটা সময় লাগবে। তবে জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ড মিলে যেন নিয়মিত লিগ আয়োজন করতে পারে, সে উদ্যোগ নেওয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply