খবর বরিশাল ডেস্ক :
বরিশালে পার্কে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে দুই সাংবাদিকের ওপর তিন দফায় হামলা চালিয়েছে ছাত্রদল নেতারা। এতে সময় টিভির ক্যামেরাম্যান সুমন হাসান ও চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান শাকিল হাওলাদার পাপ্পু আহত হন। এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বেলস পার্ক গ্রীনসিটি পার্কের প্রবেশপথে।
আহত সাংবাদিক সুমন হাসান জানান, তিনি পরিবার নিয়ে মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর ছেলের খতনা অনুষ্ঠানে যোগ দিতে যান। এসময় তার মেয়ে গ্রীন সিটি পার্কে প্রবেশের বায়না ধরলে তিনি তাকে নিয়ে প্রবেশ করতে গেলে বাঁধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। বেল্লাল দাবি করেন, তার সন্তানরা সেখানে খেলছে, তাই আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
এসময় বেল্লালের সহযোগীরা মব তৈরি করে সুমনকে ঘিরে ধরে। তার মেয়ের চিৎকার শুনে চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান পাপ্পু ছুটে গেলে তিনিও হামলার শিকার হন। এতে পাপ্পুর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
পরে সহকর্মীরা এগিয়ে এলে ছাত্রদলের মহানগরের সহসভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ আরও কয়েকজন সাংবাদিকদের ওপর তৃতীয় দফায় হামলা চালায়। পুলিশে বিষয়টি জানানো হলেও ছাত্রদল নেতারা পুলিশের আগেই পালিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা বেল্লাল গাজী বলেন, “আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাঁধা দিয়েছি। এসময় হাতাহাতিতে পড়ে গিয়ে একজন আহত হয়েছে।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply