শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৩

শিরোনাম :

অনিশ্চয়তার পথে ফরচুন বরিশালের আগামী বিপিএল!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ
চরম নাটকীয়তা ও বিতর্কের পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন শেষ হয়েছে। যার মাধ্যমে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পেয়েছে ২৫ জন পরিচালক। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর আয়োজনের তোড়জোড় শুরু করতে যাচ্ছে বিসিবি।

সদ্য সমাপ্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পর নতুন কমিটিতে বিপিএলের দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সদস্য সচিব হয়েছেন ইফতেখার রহমান মিঠু। এ ছাড়া বিপিএল পরিচালনার দায়িত্ব আগেই বুঝে পেয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি।

আগামী তিন মৌসুম বিপিএলের আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। এ ছাড়া ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে বিপিএলের ১২তম আসর।

গত বিপিএল আয়োজন নিয়ে বেশ সমালোচিত হয়েছিল বিসিবি। পরে তো খেলোয়াড়দের পাওনা বকেয়া আর স্পট ফিক্সিং বিতর্কে টালমাটাল হয়ে ওঠে টুর্নামেন্টটাই। অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে নিয়ম না মানারও। তাই এবারের বিপিএলে কয়টা দল অংশ নেবে, তা নিয়ে ক্রিকেট পাড়ায় ধোঁয়াশা রয়েছে।


বিপিএলের আগের আসরে ৭টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিলেও ধারণা করা হচ্ছিল, আসন্ন আসরের দল সংখ্যা কমতে পারে। অবশেষে সেটাই সত্য হচ্ছে। দেশের একটি অনলাইন মিডিয়াকে বিসিবি পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এবার ৫ দল নিয়েই হতে যাচ্ছে বিপিএল।

মিঠু বলেন, ‘আমরা আসলে ৪ দলের জন্যও ব্যবস্থা করেছি, ৫ দলের জন্যও করেছি। ৬ দল হওয়ার কোনো সুযোগ নেই, সর্বোচ্চ ৫ দল হতে পারে। কালকে টেন্ডার দেওয়া হবে এরপর আরকি, রংপুর বরিশাল যারাই খেলবে সবার জন্য ওপেন।’

এদিকে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন আশা করছেন, যে দলগুলো বিপিএলে থাকবে তার মধ্যে বরিশালও থাকবে। ওই সংবাদমাধ্যমকে তিনি বলছিলেন, ‘আগের মালিকানা যদি না থাকে নতুন কেউ নেবে। ওপেন টেন্ডার দেওয়া হবে তারপর যে কেউ নিতে পারবে দল। যে কটি দল থাকবে তার মধ্যে বরিশাল থাকবে আশা করছি।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net