আকাশ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে এক বেসরকারি ক্লিনিকের অবহেলার কারণে জমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৩৬ দিন পর মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর বাঘরী গ্রামে অবস্থিত সোহাগ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।
পরিবারের অভিযোগ, গত মাসে প্রসববেদনা নিয়ে উজ্জল খানের স্ত্রী ওই ক্লিনিকে ভর্তি হন। তবে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে জন্মের অল্প সময়ের মধ্যেই জমজ নবজাতক মারা যায়।
এ ঘটনায় পরিবারটি প্রথমে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশে রাজাপুর থানা মামলা রেকর্ড করে।
মামলায় ক্লিনিকের মালিক মো. সোহাগকে প্রধান আসামি এবং চিকিৎসক ডা. ফরহানা আফরিন সারাহ্কে দ্বিতীয় আসামি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবার মান নিয়ন্ত্রণ ও তদারকির অভাব রয়েছে। ফলে প্রায়ই এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটলেও প্রশাসনের ভূমিকা নীরব থাকে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply