খবর বরিশাল ডেস্ক ::
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় একের পর এক সাফল্য অর্জন করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র পার্থ দাস।
প্রাথমিক পর্যায়ের ‘ক’ গ্রুপে বিদ্যালয়, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সে এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণের অপেক্ষায়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতায় পার্থ দাস তার অসাধারণ সৃজনশীলতা ও চিত্রাঙ্কন প্রতিভার পরিচয় দিয়েছে। প্রতিযোগিতার প্রথম ধাপে নিজ বিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করে সে।
এরপর উপজেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করে উপজেলা প্রশাসনের কাছ থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করে। জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সর্বশেষ বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করে পার্থ দাস। এ পর্যায়েও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
রবিবার সকালে ২৫ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অতিরিক্ত সচিব)বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, বরিশাল রেঞ্জ মো. জুলফিকার আলী হায়দার ও জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট, বরিশাল মো. মামুন খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (যুগ্ম সচিব)অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মো. আহসান হাবিব।
সারাদিন অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খুদে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ সময় তিনি জাতীয় পর্যায়েও শিশুরা ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত পার্থ দাসের ধারাবাহিক এ সাফল্যে তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। অল্প বয়সেই বিদ্যালয় থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত প্রথম স্থান অর্জন করায় পার্থের প্রতিভা ও অধ্যবসায়ের প্রশংসা করছেন সংশ্লিষ্টরা।
এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে নিজের বিদ্যালয়, উপজেলা, জেলাও বরিশাল বিভাগের মুখ উজ্জ্বল করবে এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর। তাদের বিশ্বাস, যথাযথ উৎসাহ ও পৃষ্ঠপোষকতা পেলে পার্থ দাস ভবিষ্যতে একজন প্রতিভাবান চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply