খবর বরিশাল ডেস্ক:
ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ এলাকায় বাসচাপায় আব্বাস হোসেন (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাবুগঞ্জের কামিনী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালগামী বেপরোয়া গতির ‘আশিক পরিবহন’ নামের একটি বাস কামিনী তেলের পাম্পের সামনে পৌঁছালে রাস্তা পারাপারের সময় হোটেল ব্যবসায়ী আব্বাস হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার চেষ্টা চালালে দেখা যায়, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।
ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক বাসটি আটক করে এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রহমতপুর থেকে বাবুগঞ্জ এয়ারপোর্ট এলাকা পর্যন্ত সড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয়রা ওই এলাকায় গতিসীমা নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply