খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল নগরীতে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা। সোমবার (০৯ নভেম্বর) নগরীতে এই কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বরিশাল সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর ও যুব সংগঠক মোঃ রাজিব হোসেন খান এর পক্ষ থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতা কর্মীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবি ও দলীয় অন্যান্য সূত্র থেকে জানা গেছে, যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর ও যুব সংগঠক মোঃ রাজিব হোসেন খান এর পক্ষ থেকে কেক কাটেন নেতা কর্মীরা। সোমবার নগরীর কোন একটি স্থানে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কিছু নেতা-কর্মীদের কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেক কাটার ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ১৬নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর ও যুব সংগঠক মোঃ রাজিব হোসেন খানের ছবি দেখা গেছে। কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা দলীয় নানা শ্লোগান দেয়। তবে সেখানে যারা উপস্থিত ছিলেন তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দাবী করেছেন, আজকে যেসব ছবি প্রকাশ্যে এসেছে বলা হচ্ছে সেগুলো পুরোন ছবি। তবে গত চব্বিশ ঘন্টায় নিষিদ্ধ এ সংগঠনের ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply