
বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খান বাড়িস্থ আল্লাহ করিম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম আলহাজ্ব আব্দুল জব্বার খান ও স্বর্ণগর্ভা মরহুমা হালিমা খাতুনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর এ অনুষ্ঠানের আয়োজন করে আব্দুল জব্বার খান কল্যাণ ফাউন্ডেশন।
জানা যায়, দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল জব্বার খান ২০২৪ সালের ১৮ ডিসেম্বর এবং তাঁর সহধর্মিণী স্বর্ণগর্ভা হালিমা খাতুন ২০২৫ সালের ১৭ মার্চ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল জব্বার, বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মো. জহির উদ্দিন বাবর, মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস ছত্তার খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি-সমাজসেবক শিহাব উদ্দিন পেশকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং কয়েক হাজার আমন্ত্রিত অতিথি।
স্মরণসভায় বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব আব্দুল জব্বার খান ছিলেন একজন পরোপকারী, দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি। তিনি মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও মুলাদী মোহেব্বীয়া দীনিয়া মাদ্রাসার জন্য জমি দান করার পাশাপাশি প্রতিষ্ঠা করেন মুলাদী মহিলা কলেজ, মুলাদী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং আল্লাহ করিম জামে মসজিদ। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি এলাকার শিক্ষা ও ধর্মীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বক্তারা আরও বলেন, স্বর্ণগর্ভা হালিমা খাতুন একজন আদর্শ মা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর আট সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বীকৃতি হিসেবে উপজেলা মহিলা অধিদপ্তর তাঁকে ‘স্বর্ণগর্ভা’ সম্মাননা প্রদান করে।
তাঁদের সন্তানদের মধ্যে রয়েছেন চরকালেখান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কবির হোসেন খান, ব্যবসায়ী মো. জাকির হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইব্রাহিম হোসেন খান, মুলাদী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আল আমিন খান, মুলাদী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম খান, দেশ বাংলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. আবুল কালাম খান, ব্যবসায়ী মো. সোলায়মান খান এবং কন্যা ফাতেমাতুজ জোহরা।
আলোচনায় বক্তারা মরহুম দম্পতির ধর্মপ্রাণ জীবন, সমাজসেবা, শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তাঁদের আদর্শ ও কর্ম থেকে নতুন প্রজন্মের শিক্ষা গ্রহণের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষে আল্লাহ করিম জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মো. জুনায়েদ আহমদ দোয়া পরিচালনা করেন। তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করে বিশেষ মোনাজাত করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply