বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪১

শিরোনাম :
কৃত্রিম হাত ও মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল

কৃত্রিম হাত ও মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল

dynamic-sidebar

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল তাঁর উদ্ভাবনী প্রযুক্তি প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে তিনি কৃত্রিম হাত (Robotic Prosthetic Hand) এবং ‘থান্ডারবোল্ট’ নামের একটি প্রতিরক্ষা প্রযুক্তির মডেল তৈরি করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। তাঁর এই উদ্ভাবনী কাজ শিক্ষার্থী ও গবেষণামুখী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

১১ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সাক্ষাতের সময় উপাচার্য জানান, খুব শিগগিরই সুজন চন্দ্র পালকে আনুষ্ঠানিকভাবে এই উদ্ভাবনের স্বীকৃতি প্রদান করা হবে। পাশাপাশি তাঁর গবেষণামূলক কাজকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় একাডেমিক, প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নেবে।

সুজন চন্দ্র পাল বলেন, ছোটবেলা থেকেই নতুন কিছু উদ্ভাবনের প্রতি আমার আগ্রহ ছিল। সীমিত সুযোগের মধ্যেও আমি কাজ চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে অনুপ্রাণিত করবে।

পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফ উল ইসলাম বলেন, সুজন আমাদের বিভাগের একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার উদ্ভাবনী চিন্তা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ গবেষণামুখী পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, এমন সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতে দেশের প্রযুক্তি ও প্রতিরক্ষা গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

উপাচার্যের সাথে শিক্ষার্থী সুজন চন্দ্র পালের সাক্ষাৎকালে পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, সহকারী অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম এবং গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. সোনিয়া খান সনি উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net