
ছবি : সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কামারখোলা রেলওভার ব্রিজ থেকে নামার ঢালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে সায়েদাবাদগামী বাসটি বৃষ্টির পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডরেল ভেঙে সার্ভিস রোডে উল্টে যায়। এতে বাসের যাত্রীরা আহত হন।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। রেকার দিয়ে সরিয়ে বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।
Leave a Reply