শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১২

শিরোনাম :

তিন চাকার যানের ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ, শিক্ষার্থীদের স্মারকলিপি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীতে ব্যাটারিচালিত হলুদ অটোরিকশা, সিএনজি ও মাহিন্দ্রাসহ বিভিন্ন তিন চাকার যানবাহনের ভাড়া আকস্মিকভাবে বাড়ানো হয়েছে। এতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। ভাড়া বৃদ্ধির প্রতিবাদ এবং পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীরা বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন রুটে চালকেরা নিজ উদ্যোগে বাড়তি ভাড়া আদায় করছেন। আগে চৌমাথা থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল পর্যন্ত যাত্রা ভাড়া ছিল ৫ টাকা, যা বর্তমানে ১০ টাকায় উন্নীত করা হয়েছে। একইভাবে লঞ্চঘাট-চৌমাথা রুটে ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে প্রতিনিয়ত যাত্রী ও চালকদের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটছে।

চালকদের ভাষ্য, বিদ্যুতের দাম বৃদ্ধি, ব্যাটারি চার্জিং ব্যয় এবং অন্যান্য পরিচালন খরচ বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে যাত্রীরা বলছেন, কোনো সরকারি অনুমোদন বা নির্ধারিত নীতিমালা ছাড়াই একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, নগরীতে অটোরিকশা ও থ্রি-হুইলারের সংখ্যা বাড়লেও কার্যকর নিয়ন্ত্রণ, নির্ধারিত ভাড়া কাঠামো এবং চালকদের প্রশিক্ষণের অভাবে যাত্রীসেবা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। সাম্প্রতিক ভাড়া বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর।

তারা সাত দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বৈধ যানবাহনের লাইসেন্স নিশ্চিত করা, চালকদের প্রশিক্ষণ, রুটভিত্তিক ভাড়া নির্ধারণ, নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দ্রুত সিটি বাস চালু এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভাড়ার তালিকা বিসিসির অনুমোদিত নয় এবং নগরীর অটোরিকশা ও সিএনজির নতুন ভাড়া এখনো চূড়ান্ত করা হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভাড়া বৃদ্ধি নিয়ে নগরবাসীর মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net