খবর বরিশাল ডেস্ক
২৩ জুন—কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রুখতে বরিশাল নগরীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাতভর নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে ব্যাপক তল্লাশি ও ‘ব্লক রেইড’ চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর কর্তৃক দেশব্যাপী জারীকৃত বিশেষ সতর্কতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে সোমবার সকালে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে যান বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
কমিশনার আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানেই নাশকতার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যেই সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। নগরবাসীর জানমালের নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স ও পিকেটিং টিম সার্বক্ষণিক রিজার্ভ থাকবে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কঠোর নিরাপত্তার মধ্যেও সাধারণ জনগণের চলাচলের কোনো অসুবিধা হবে না।
সরেজমিনে দেখা গেছে, সোমবার রাত থেকেই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি, বিভিন্ন যানবাহন এবং মোটরসাইকেল আরোহীদের থামিয়ে কড়া নজরদারি ও তল্লাশি চালাচ্ছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। অপ্রীতিকর যেকোনো ঘটনা এড়াতে পুরো মহানগরী এলাকায় এই বিশেষ সতর্কতা জারি থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply