খবর বরিশাল ডেস্ক :
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বি আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
জানা যায়, গতকাল দুপুরে কলেজ-সংলগ্ন নতুনবাজার এলাকায় গোলাম রাব্বি আব্দুল্লাহর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে সন্ধ্যায় সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতৃবৃন্দ কলেজ থেকে মিছিল নিয়ে কোতোয়ালি মডেল থানার উদ্দেশ্যে রওনা হন। তবে নতুনবাজার এলাকায় পৌঁছালে তাদের ওপরও হামলার অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের অভিযোগ, হামলার সময় একই সন্ত্রাসী চক্র তাদের ওপর আক্রমণ চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেন। পরে শিক্ষার্থীরা কোতোয়ালি মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ দেওয়ার সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অতিরিক্ত পুলিশ সুপার অলক শর্মা উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের কাছে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরকারি বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাই। কোনো অপরাধী যেন আইনের আওতার বাইরে থাকতে না পারে।”
তিনি আরও বলেন, “এই ঘটনার সঙ্গে কোনো স্বার্থান্বেষী মহল বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply