খবর বরিশাল ডেস্ক : আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত বরিশাল সফরকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফর নির্বিঘ্ন, নিরাপদ ও সাফল্যমণ্ডিত করতে শুক্রবার (১০ জুলাই) বিকেলে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভায় প্রধানমন্ত্রীর সফরসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, প্রোটোকল, জনসমাগম নিয়ন্ত্রণ, অনুষ্ঠানস্থলের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সফরের প্রতিটি কার্যক্রম সুষ্ঠু, সময়োপযোগী ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে প্রশাসনের বিভিন্ন বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সফরের প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বরিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সফরকে সফল করতে সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বিত প্রস্তুতি অব্যাহত রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply