মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১১

রাজাপুরে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নম্বর মঠবাড়ি ইউনিয়নের উত্তর বাঘরী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় ব্যবসায়ী ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণ, ১৫ ভরি রুপাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উত্তর বাঘরী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পরিমল হালদার (৬৫) পরিবারের সদস্যদের নিয়ে রাতে খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা হলেন তার স্ত্রী আলো রানী হালদার (৫০), সৌদি প্রবাসী ছেলে পলাশ হালদার (৩৫), পুত্রবধূ দীপা মিস্ত্রি (৩০) এবং দুই নাতি প্রাচুর্য হালদার (১২) ও মাধুর্য হালদার (৮)।

ভুক্তভোগী দীপা মিস্ত্রি জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি ও তার স্বামী যে কক্ষে ঘুমিয়ে ছিলেন, সেই কক্ষের দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনতে পান। একপর্যায়ে পলাশ হালদার দরজা খুললে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল ঘরে ঢুকে পড়ে। তারা ধারালো রামদা দিয়ে পলাশ হালদারের মাথায় একাধিক কোপ দেয় এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। দীপা মিস্ত্রির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে ছুটে আসেন ব্যবসায়ী পরিমল হালদার। এ সময় ডাকাতরা তাকেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রেখে আলমারি ও ওয়ারড্রবের চাবি দিতে বাধ্য করে। চাবি নিয়ে তারা ঘরের আলমারি ও ওয়ারড্রব খুলে নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণ, ১৫ ভরি রুপা, ৪টি বিদেশি টর্চলাইট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন লুট করে নেয়।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা ঘরের পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পরিমল হালদার ও পলাশ হালদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net