এইচ আর হীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে একটি নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বৃহত্তর রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করা হবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে জনগণের স্পষ্ট মতামত প্রকাশিত হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করা হলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আন্দোলনের সৃষ্টি হতে পারে। আগামী ২৫ জুলাই সিলেটের সমাবেশের আগেই গণভোটের রায়ের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় রাজধানীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত বঞ্চনা দূর করতে ভোলা অঞ্চলের সঙ্গে সেতু নির্মাণ, দক্ষিণাঞ্চলে রেলসংযোগ সম্প্রসারণ এবং ভাঙ্গা-বরিশাল মহাসড়কের উন্নয়ন জরুরি। বরিশালকে উন্নয়ন পরিকল্পনার বাইরে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশে এখনও চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইসঙ্গে জাতীয় সংসদে দক্ষিণাঞ্চলের বিভিন্ন দাবি তুলে ধরায় ডা. শফিকুর রহমানের প্রতি বরিশালবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিক কর্মসূচি আরও কঠোর হতে পারে। তিনি দাবি করেন, সরকার পরিস্থিতিকে সংঘাতমুখী করে তুলছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।
এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ (বীর বিক্রম) বলেন, দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা আলম মিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান, জাতীয় সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীন, বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার এবং বিএম কলেজের সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম।
সমাবেশ পরিচালনা করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহিরউদ্দিন মুহাম্মদ বাবরসহ সংশ্লিষ্ট নেতারা।
সমাবেশ শুরুর আগে সকাল থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুরের আগেই পুরো মাঠ জনসমাগমে পূর্ণ হয়ে যায়। এ সময় দেশীয় সাংস্কৃতিক সংসদ বরিশাল অঞ্চলের শিল্পীরা কোরাস সংগীত পরিবেশন করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply