খবর বরিশাল ডেস্ক : বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
উপজেলার জয়শ্রী সাজু পাম্পের সামনে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা দ্রুত আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মোশাররফ হোসেন বালীকে (৬১) মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে। নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই তোবার হোসেন বালী।
প্রত্যক্ষদর্শী কাজী ইউনুস জানান, আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার পর উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের পরিচয়-ঠিকানা সংগ্রহের কাজ চলছে।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply