খবর বরিশাল ডেস্ক : শিশুদের অংশগ্রহণ, অধিকার এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে নিবন্ধিত শিশুদের উৎসাহ প্রদান ও উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার। তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই সমাজের পিছিয়ে পড়া শিশুদের সমান গুরুত্ব দিতে হবে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মতো বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংস্থা শিশুদের উন্নয়নে যে ভূমিকা পালন করছে, তা প্রশংসনীয়। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলী হায়দার। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিশুফোরামের সভাপতি আসফিকা ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুবেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার নিপা সরকার, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিবৃন্দ, নিবন্ধিত শিশু এবং শিশুদের অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত নিবন্ধিত ৭০ জন শিশুর হাতে ছাতা তুলে দেওয়া হয়। প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার শিশুদের হাতে উপহার তুলে দেন। এবং বরিশাল সিটি কর্পোরেশন আওতাধীন মোট ৮ টা ওয়ার্ডে ৩২৫০ জন নিবন্ধিত শিশুর মাঝে এই ছাতা বিতরণ করা হবে।
বক্তারা অনুষ্ঠানে শিশুদের অধিকার, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, বেসরকারি সংস্থা ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply