শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫

বরিশাল পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮ শতাধিক পাসপোর্ট

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বিভাগীয় পাসপোর্ট অফিসে সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রিন্ট হওয়া ৮০০টিরও বেশি পাসপোর্ট ৩ মাসেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে। নিদিষ্ট মেয়াদ পার হয়ে গেলেও গ্রাহকেরা তা সংগ্রহ করতে না আসায় পাসপোর্ট বিতরণ ও প্রশাসনিক কাজে জটিলতার মুখে পড়েছে কর্তৃপক্ষ।

এ সংকট নিরসনে এবং পাসপোর্টগুলো দ্রুত গ্রহীতাদের হাতে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিভাগীয় পাসপোর্ট অফিস। ইতোমধ্যেই বিষয়টি বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অবহিত করার পাশাপাশি জেলার ১০টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, পাসপোর্টগুলো সম্পূর্ণ তৈরি হয়ে অফিসে জমা আছে। তবে দীর্ঘ সময় পার হলেও গ্রাহকেরা তা নিতে আসছেন না। নিয়ম অনুযায়ী বিষয়টি আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানিয়েছি। পাশাপাশি জেলার প্রতিটি ইউএনওকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে, যাতে তারা স্থানীয়ভাবে গ্রাহকদের সচেতন করতে পারেন।

তবে কোন উপজেলার কতটি পাসপোর্ট আটকে আছে, নিরাপত্তার স্বার্থে সেই সংক্রান্ত উপজেলাভিত্তিক পৃথক তালিকা দিতে রাজি হননি এই কর্মকর্তা।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে এই সমস্যাটি উত্থাপন করা হয়। পাসপোর্টগুলো যেন গ্রাহকেরা দ্রুত সংগ্রহ করে নেন, সেজন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি উপজেলায় প্রচারণাসহ নানা পদক্ষেপ নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net