খবর বরিশাল ডেস্ক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বারইখালী গ্রামে নিখোঁজের দুই দিন পর নিজাম উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উত্তর পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিজাম উদ্দিন ওই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি, এলাকায় মাইকিং এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও তাঁর কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবায় তাঁর মরদেহ ভাসতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের ছেলে আলী হোসেন জানান, তাঁর বাবা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। স্থানীয়দের ধারণা, অসুস্থতা ও কিছুটা মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি অসাবধানতাবশত ডোবায় পড়ে গিয়ে থাকতে পারেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply