শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫

ধর্ষণ থেকে বাঁচতে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : ঝালকাঠি সদরে ধর্ষণ থেকে নিজকে রক্ষায় ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মিঠু মল্লিককে (৪০) গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিঠু মল্লিক বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করে স্থানীয় মদিনা মার্কেট এলাকায় একটি ফার্মেসি পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় মিঠু মল্লিককে উদ্ধার করে স্বজনরা প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার স্বামী একটি বিদ্যালয়ের শিক্ষক। এর আগেও দুইবার একা পেয়ে মিঠু মল্লিক তার সঙ্গে জোরপূর্বক অনৈতিক আচরণের চেষ্টা করেছিলেন। ঘটনাটি আমি আমার স্বামীকে জানালে তিনি বিষয়টিকে মজা ভেবে গুরুত্ব দেননি।

তিনি আরও বলেন, ‌‘বৃহস্পতিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে মিঠু মল্লিক আমার বাসায় আসেন। একপর্যায়ে তিনি দরজা বন্ধ করে দিলে তার সঙ্গে আমার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে নিজের ইজ্জত রক্ষা করতে ঘরে থাকা ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গে আঘাত করি। পরে বিষয়টি আমার স্বামী, মা এবং নবগ্রাম পুলিশ ক্যাম্পের একজনকে ফোন করে জানাই। পরবর্তীতে আমার মায়ের কাছে চলে আসি।’

এ বিষয়ে আহত মিঠু মল্লিকের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net