শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৫

পাওনা টাকা আদায়ে বেরিয়ে নিখোঁজ কলেজছাত্র

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল নগরীতে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন সরকারি বরিশাল কলেজের এক শিক্ষার্থী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. রফিকুল ইসলাম রমজান (১৮)। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক প্রথম গলির খানবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা এবং মরহুম সিদ্দিকুর রহমানের ছেলে। রমজান বর্তমানে সরকারি বরিশাল কলেজে অনার্সে অধ্যয়নরত।

পরিবার জানায়, গত (২৯ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে মোবাইল ফোনে কথা বলে বাড়ি থেকে বের হন রমজান।

এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালী মডেল থানায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৬২ ও ৩৬৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় গত কয়েকদিনে তার মোবাইল ফোনে যোগাযোগ হওয়া ব্যক্তিদের তথ্য এবং ইমু, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বশেষ যোগাযোগকারীদের বিষয়েও তদন্তের আবেদন করা হয়েছে বলে পরিবার জানিয়েছে। পরিবারের ভাষ্য, বাড়ি থেকে বের হওয়ার সময় রমজানের পরনে নেভি ব্লু রঙের টি-শার্ট ছিল।
রমজানের সন্ধান পেলে দ্রুত বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অথবা তার পরিবারের সঙ্গে ০১৭৫১-৬৭৬২৬৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net