খবর বরিশাল ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া এলাকায় আল-আমিন হাওলাদার (৩০) নামের এক মাদকাসক্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে মৃতের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার রাতে থানা পুলিশ মৃত আল-আমিনের মরদেহ উদ্ধার করেছেন। মৃত আল-আমিন হাওলাদার ওই এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে।
নিহতের মা মনজিলা বেগম জানিয়েছেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে আল-আমিন আত্মহত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় আল আমিনকে ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে বিষয়টি গৌরনদী মডেল থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে থানার এএসআই মো. আমির হোসেন ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply