বরিশাল সদর উপজেলার বিএম ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে নামজারি ও হোল্ডিংয়ের আবেদন নিষ্পত্তি না করায় দুই ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।
জানা গেছে, ওই ভূমি অফিসে ৩০ দিনের বেশি সময় ধরে ৩১টি নামজারি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ১১টি হোল্ডিং আবেদনও দীর্ঘদিন ধরে ঝুলে আছে।
সোমবার সকাল ৯টার দিকে বিএম ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। এ সময় তিনি অফিসের নথিপত্র ও চলমান কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শনে দীর্ঘদিন ধরে আবেদনগুলো নিষ্পত্তি না হওয়ার বিষয়টি নজরে আসে।
এর পরিপ্রেক্ষিতে বিএম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিপন ভাবুক এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় আবেদন নিষ্পত্তি না হওয়ায় সাধারণ মানুষ ভূমিসেবা নিতে গিয়ে ভোগান্তির মুখে পড়ছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। দায়িত্ব পালনে এ ধরনের গাফিলতি কেন দায়িত্বে অবহেলা হিসেবে বিবেচিত হবে না, সে বিষয়ে কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ ছাড়া সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮-এর বিধি-৩-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ভূমিসেবা সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও অধিকার সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সেবা। কোনো আবেদন অযৌক্তিকভাবে দীর্ঘদিন আটকে রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে নামজারি, হোল্ডিংসহ সব ধরনের ভূমিসেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলা বা জনভোগান্তির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply