বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৩

শিরোনাম :
বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় বিসিসি’র পাশে ওয়ার্ল্ড ভিশন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক::
বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহে ব্যবহারের জন্য অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় বরিশাল সিটি করপোরেশন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় মোট ৮টি অপারেশন বক্স ভ্যান ও ৩০টি বর্জ্য ফেলার বিন হস্তান্তর করে সংস্থাটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে সরকারি-বেসরকারি সব সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের সচিব রুম্পা শিকদার, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী ও মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশনের পক্ষে বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুভেন, প্রোগ্রাম অফিসার নিপা সরকার এবং বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ার্ল্ড ভিশনের দেওয়া আধুনিক পরিচ্ছন্নতা সামগ্রী ও বর্জ্য পরিবহনের জন্য হস্তান্তর করা বক্স ভ্যানগুলো নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net