বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৫

বরিশালে ১২০ মণ জাটকাসহ যাত্রীবাহী বাস জব্দ

বরিশালে ১২০ মণ জাটকাসহ যাত্রীবাহী বাস জব্দ

dynamic-sidebar

বরিশালে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে শিকার ও পরিবহন নিষিদ্ধ ১২০ মণ জাটকা জব্দ করেছে র‌্যাব-৮। সোমবার রাতে নগরীর দপদপিয়া সেতুর টোলপ্লাজায় চেকপোস্টের সিগন্যাল অমান্য করে জাটকা বোঝাই যাত্রীবাহী বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে বাসটিকে আটক করে র‌্যাব।
পরে বাস তল্লাশি করে উদ্ধার করা হয় ১২০ মণ জাটকা। আজ সকালে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব-৮’র সহকারী পুলিশ সুপার আউয়াল হোসেন খান জানান, পটুয়াখালীর গলাচিপা থেকে বেপারী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ছাদে এবং বাংকারে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ঢাকায় পাচার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র‌্যাবসোমবার রাতে পটুয়াখালীতে চেকপোস্ট
স্থাপন করে। পটুয়াখালীর চেকপোস্ট ফাঁকি দিয়ে বেপারী পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্যে যেতে থাকলে নগরীর রূপাতলী দপদপিয়া সেতুর টোলপ্লাজায় র‌্যাবের আরেকটি চেকপোস্টে বাসটিকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু বাসটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাবের ধাওয়ার মুখে ওই রাত দু’টার দিকে যাত্রী ও জাটকা বোঝাই বাসটি রূপাতলী হাউজিং এলাকায় বাস ফেলে চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। ওই রাতেই বাসের যাত্রীদের অন্যান্য বাসে তুলে দেওয়া হয়। বাসটি র‌্যাব ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ১২০ মণ অবৈধ জাটকা উদ্ধার করা হয়।
জাটকাগুলো আজ সকালে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, লিল্লাহবোডিং ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের সহকারি পুলিশ সুপার আউয়াল হোসেন খান।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net