স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সিটি মেয়র আহসান হাবিব কামালের দীর্ঘ ৩ ঘণ্টার সমঝোতা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। শনিবার দুপুরে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের (বিসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে তারা বকেয়া বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দ না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতন ও ২০ মাসের প্রভিডেন্ট ফান্ডের বরাদ্দ এবং দৈনন্দিন মজুরিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের ৪ মাসের বকেয়া
বেতন পরিশোধের দাবিতে গত রোববার আকস্মিক কর্মবিরতি এবং মেয়রের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে অচলাবস্থা সৃষ্টি হয় সিটি কর্পোরেশনে। বিভিন্ন সেবা নিতে কর্পোরেশনে গিয়ে ফিরে যেতে হচ্ছে নগরবাসীদের। বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে মোট কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা প্রায় ২ হাজার। তাদের প্রতি মাসে বেতন প্রায় ৩ কোটি টাকা। অচলাবস্থা নিরসনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের হলরুমে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বৈঠকে বসেন সিটি মেয়র আহসান হাবিব কামাল। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, প্যানেল মেয়র হাজী কেএম শহীদুল্লাহ, মোশারেফ আলী খান বাদশা এবং তাছলিমা কালাম পলিসহ সব কাউন্সিলদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠক শেষ হয় বিকেল পৌনে ৩টার দিকে। বৈঠকে সিটি মেয়র মার্চ মাসের ১০ তারিখের মধ্যে একটি বকেয়া বেতন, এপ্রিল মাসে দুটি বকেয়া বেতন এবং মে মাসের শুরতে আরও দুটি বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু আন্দোলনকারীরা একসঙ্গে ৪ মাসের বকেয়া বেতন এবং ১০ মাসের প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দের দাবি জানান। এ নিয়ে দীর্ঘ আলোচনার পর মেয়রের প্রস্তাবে আস্থা রাখতে না পেরে বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনকারীরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সভাস্থল ত্যাগ করেন। এদিকে, সমঝোতা বৈঠক ফলপ্রসূ না হওয়ার জন্য আন্দোলনকারীদের নেতৃবৃন্দকে দুষলেন সিটি মেয়র আহসান হাবিব কামাল। তিনি বর্তমান পরিস্থিতি লিখিতভাবে মন্ত্রণালয়কে অবহিত করার কথা বলেন। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ না দিলে তাদের বাদ দিয়ে নতুন করে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়ার কথা বলেন মেয়র কামাল।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply