তালাশ ডেক্সঃ
নলছিটির ষাটপাকিয়া এলাকার গৃহবধূ ও কলেজছাত্রী মারুফা আক্তার হত্যার ছয়দিন অতিবাহিত হলেও এ ঘটনায় মামলা না হওয়ায় ওসির অপসারণ দাবি করেছে নারীনেত্রী ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। তিনি বলেন,এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত ২৪ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে,নইলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
আজ রোবাবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মারুফা হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তৃতা কালে এ দাবি করেন তিনি।
মানববন্ধন শেষে ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী ইসরাত জাহান সোনালী, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, নিহত মারুফার মা লাকী বেগম, ভাই মো. সিদ্দিক, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান জুয়েল প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের আটদিন অতিবাহিত হলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যায় জড়িতদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচির পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।
জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী বলেন, বিষয়টি আমরা জেনেছি। মেয়েপক্ষ উপযুক্ত এবং সঠিক বিচার পাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঝালকাঠি থানায় এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পেলে মামলা রেকর্ড করা হবে।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মারুফাকে হাসপাতালে নিয়ে আসে তার শ্বশুরবাড়ির লোকজন। পরে কর্তব্যরত ডাক্তার মারুফাকে মৃত ঘোষণা করলে মারুফাকে হাসপাতালে রেখেই তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।
মারুফার স্বামী প্রবাসে থাকায় তার শ্বশুর-শাশুড়িসহ শ্বশুর বাড়ির লোকজন নানা রকম নির্যাতন করে আসছিল। এ নির্যাতনের ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল মারুফাকে হত্যা করে হাসপাতালে আনা হয় বলে নিহত মারুফার মাসহ স্বজনদের অভিযোগ।
এ ঘটনায় নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত গৃহবধূ মারুফা আক্তার নলছিটি উপজেলার প্রেমহর গ্রামের মৃত মানিক হাওলাদারের মেয়ে। এ বছর নলছিটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন মারুফা। চার বছর আগে নলছিটি উপজেলার বহরমপুর গ্রমের সুলতান হাওলাদারের ছেলে সুমনের হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়।
বার্তা সম্পাদনায়ঃ মজিবর রহমান নাহিদ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply