ঢাকা:-
দেশে ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার যা কিছু আছে সব কিছু বিলিয়ে দিতে চাই জনগণের স্বার্থে, কল্যাণে।’
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমার রাজনীতির একটাই লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।’ ‘এখানে আমি নিজের ভাগ্য গড়তে আসিনি, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই শোককে শক্তিতে পরিণত করে দেশের সেবা করে যেতে চাই। এ জন্য যে এই দেশকে গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে।’
পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সততা নিয়ে কেউ প্রশ্ন করলে সেখানে আমি কম্প্রোমাইজ করতে পারি না।’
তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে একটা প্রশ্ন তুলেছিলো আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। কারণ আমি এখানে দুর্নীতি করে অর্থ উপার্জনের জন্য আসি নি।’
‘আমার যা কিছু আছে সব কিছু বিলিয়ে দিতে চাই জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে।’
পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ার বিষয়টি তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই চ্যালেঞ্জ আমরা প্রমাণ করেছি। চ্যালেঞ্জে আমরা জয় লাভ করেছি। বাঙালি জাতিকে কেউ খাটো করে দেখলে আমরা কষ্ট হয়।’
উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আসুন সকলে মিলে এ দেশটাকে গড়ে তুলি।’ ‘সরকার গঠনের পর থেকে চেষ্টা করছি দেশকে দ্রুত উন্নত করতে।’
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারা যাতে অব্যহত থাকে সে দিকে দৃষ্টি দিতে বিশেষভাবে অনুরোধ করবো।’
শেখ হাসিনা বলেন, ‘যে দেশের মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে আপনাদের বেতন, আপনাদের জীবন-যাপন, আমাদের সকলের।’ এ কথা মনে রেখে আমাদের সেই গ্রামের মানুষটা, হতদরিদ্র মানুষটা তার কল্যাণ করবেন কিভাবে সেই চিন্তা করে কাজ করেবেন এটাই আমরা চাচ্ছি।’
এখনো যেসব মন্ত্রণালয় ও অধিদফতর ই-টেন্ডারিং চালু করতে পারেনি তাদের তা দ্রুত করে ফেলার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
প্রশাসনের কাজের জবাবদিহিতা, স্বচ্ছতা, দ্রুত বাস্তবায়ন নিশ্চিতসহ জনসেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইতমাত আরা সাদিক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মহাসচিব কবির বিন আনোয়ার।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply