বরিশাল অফিস:-
পারিবারিক কলহের জের ধরে বরিশালে নগরীতে শ্যালিকাকে গলাকেটে হত্যার পর দুলাভাইয়ের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ডের পশ্চিম পুরানপাড়া সড়কের খানবাড়িতে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের এই ঘটনায় একজন আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য সজীবের শ্বাশুড়িকে নিয়ে গেছে পুলিশ। নিহতরা হলেন- মো. সজীব ও তার শ্যালিকা ছয় বছর বয়সী শিশু সাদিয়া। আহত হয়েছেন সজীবের স্ত্রী সুমাইয়া। সাদিয়ার বাবার নাম সিদ্দিক শিকদার। তাদের বাসার হোল্ডিং নম্বর ৪৫৮। তার দুলাভাই সজীবের বাড়ি উজিরপুরের ধামুরাইয়ে। তিনি অটোচালক ছিলেন। খানবাড়ির মালিক সুজন খান জানান, বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে পারিবারিক কলহ লেগে থাকার কারণে সুমাইয়া বাবার বাড়ি চলে আসে। স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে আসেন তার স্বামী সজীব। কিন্তু যেতে না চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার গভীর রাত দুইটার দিকে পুকুরে মাছ ধরার কথা বলে স্ত্রী ও শ্যালিকা সাদিয়াকে বাড়ির পাশের পুকুর পাড়ে নিয়ে যায় সজীব। সেখানে নেয়ার পর শ্যালিকাকে গলাকেটে ও স্ত্রীকে মারাত্মক জখম করে সজীব। এরপর পুকুর পাড়ে থাকা একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সজীব। সকালে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত সুমাইয়া সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজীবের শাশুড়ি পারুল বেগমকে নিয়ে গেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন জানান, ছয় বছরের একটি বাচ্চা ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply