বরিশাল: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে অসাংবিধানিক ও অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ এবং বঙ্গবন্ধুকে হেয় করার প্রতিবাদে বরিশালে সমাবেশ ও মিছিল করেছেন আইনজীবীরা।
বরিশাল জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে রোববার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ওই মিছিল হয়। মিছিল শেষে সমাবেশ হয় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরি দুলাল ও অ্যাড. আফজালুল করিমসহ আওয়ামীপন্থি আইনজীবীরা।এসময় বক্তারা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে একটি দল উৎসাহী হয়ে মনে করছে, তারা ক্ষমতায় এসে গেছে। কিন্তু তাদের এ দুঃস্বপ্ন কোনোদিন পূরণ হবে না।
এসময় বক্তারা ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে অবাঞ্ছিত কথা এসেছে তা বাতিল করার দাবি জানান। তা না হলে গণআন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
অপরদিকে এর আগে বিএনপিপন্থি আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ওই এলাকা থেকে বের হতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধায় আদালত পাড়ার প্রবেশদ্বারেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে এ বি এম খায়রুল হককে অপসারণ ও গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা কমিটি।
ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আলী আহম্মদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী অ্যাড. আলী হায়দার বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, কোতয়ালি বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চু, অ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না প্রমুখ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply