নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বাকেরগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে এক কিলোমিটারের একটি সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বিভাগের সড়ক পাকাকরণ কাজে অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক নির্মাণ ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়কটি পুনরায় নির্মাণের দাবিও তুলছেন তারা।
বিষয়টি নজরে এলে সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট প্রতিবেদক ঘটনাস্থলে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা হুমায়ুন বাবু মেরে হাত পা ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন।
যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জেলা ছাত্রলীগের প্রভাবশালী নেতা জানান, তার লাইসেন্স ব্যবহার করে অন্যরা কাজটি বাস্তবায়ন করছেন। এখানে তার কোনো হাত নেই।
বাকেরগঞ্জ এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের সোনার বাংলা হাইস্কুল টু বাংলাবাজার সড়কের ১০২৯ মিটার পাকাকরণ কাজ শুরু হয়।
এলজিইডি বিভাগের আওতায় বাস্তবায়ন করছে এমএস মাদার ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক পাকাকরণ কাজে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৬০ হাজার ৯২০ টাকা। ২০১৯ সালের মার্চ মাসের ১৭ তারিখের মধ্যে কাজ সম্পন্ন করার কথা রয়েছে।
এলাকাবাসী জানান, ঠিকাদার এই সড়কের কাজে অনিয়ম করছেন। সড়কের গর্তগুলোর মধ্যে দুই নম্বর ইটের সুরকি দিচ্ছে। পাশাপাশি নিম্নমানের পাথর দিয়ে সড়কের কাজ চালিয়ে যাচ্ছে, তা পা দিয়ে আঁচড় কাটলে উঠে যাচ্ছে। পুনরায় সড়কের কাজ বাস্তবায়নের দাবিও করছেন স্থানীয়রা।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা হাসান, রিপন, রফিকুল জানান, সড়ক পাকাকরণে অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তারা সড়কের গর্তগুলোর মধ্যে দুই নম্বর ইটের সুরকি দিচ্ছে। পিচের সাথে কেরোসিন মিশেয়ে পাতলা করে ময়লা আবর্জনার মধ্যে সড়ক ঢালাই দিচ্ছে। কারও কোনো কথা শুনছেন না। কথায় কথায় ছাত্রলীগের দোহাই দিচ্ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পিচ পানির মতো পাতলা করে কাদামাখা নিম্ন কোয়ালিটির বালু মিশানো পাথর দিয়ে সড়ক ঢালাই দিচ্ছে। এস্টিমেটে সড়কের উচ্চতা ৬ ইঞ্চি ধরা থাকলেও ৪ ইঞ্চি উচ্চতাও দেয়া হয়নি কোথাও। এমনকি কোথাও কোথাও ২-৩ করেও ঢালাই দিয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, যেভাবে রাস্তা নির্মাণ করছে ৬ মাসের বেশি টিকবে না।
তবে নির্ভরযোগ্য এক সূত্র বলছে, ওই কাজটি বরিশাল জেলা ছাত্রলীগ প্রভাবশালী নেতার লাইসেন্স হওয়ায় এলজিইডি অফিস এই কাজটি নিয়ে কোনো ধরণের তদারকি করছেন না। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানটিও ইচ্ছেমতো কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে এলজিইডি বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া বলেন, কাজটি বিষয়ে যখন অভিযোগ এসেছে, বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখব। তবে কাজে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply