ঝালকাঠিঃ
ঝালকাঠিতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মচারী শেখ আবদুস সালামের বাসায় ডাকাতি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। রোববার ভোররাতে (শনিবার দিবাগত রাত ৩টার দিকে) শহরের পশ্চিম ঝালকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন গৃহকর্তা আবদুস সালাম ও তাঁর ছেলে শেখ পারভেজ ও মেয়ে ইরফাক জাহান। রোববার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে তাঁরা চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, শেখ পারভেজের বিয়ের আয়োজন চলছিল শহরের পশ্চিম ঝালকাঠি এলাকায় বাড়িতে। বিয়ের কেনাকাটার জন্য বাসায় রাখা হয় চার লাখ টাকা ও প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার। রাতে ১০-১২ জনের একদল ডাকাত বাসার গ্রিল ও দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। পরিবারের লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা তাঁদের মারধর করে। পরে তাঁদের রশি দিয়ে বেঁধে ঘণ্টাব্যাপী লুটপাট চালায়। এ সময় ডাকাতরা ওই বাসা থেকে ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ চার লাখ টাকা লুটে নেয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এর আগেই ডাকাতরা পালিয়ে যায়। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার জানান, এ ঘটনায় এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply