খবর বরিশাল ডেস্কঃ
বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকাসহ কুয়াকাটামুখী সড়কে গতকাল সোমবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ সময় পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। তার মধ্যে সেনাবাহিনীর বিতর্কিত সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অপসারিত) জিয়াউল আহসানের ২২টি স্টল রয়েছে। বাস টার্মিনাল এলাকায় সওজের জমি ইজারা নিয়ে স্টলগুলো করা হয়েছিল বলে জানা গেছে।
এ সময় আশপাশের ব্যবসায়ীদের বহু দোকানপাট উচ্ছেদ করা হয়। সওজের বরিশালের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, বরিশাল-কুয়াকাটা সড়কের জিরো পয়েন্ট থেকে শুরু করে রূপাতলী বাস টার্মিনাল হয়ে সাগরদীর পুল পর্যন্ত সড়কের দু’পাশে গড়ে তোলা পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করা হয়েছিল।
ভুক্তভোগীদের দাবি, তাদের কাছে জমির কাগজ রয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল বাস টার্মিনাল এলাকায় সওজের জমি একটি মাদ্রাসার নামে ইজারা নিয়ে ২২টি দোকানঘর তুলে ভাড়া দিয়েছিলেন। তাঁর ঘনিষ্ঠ র্যাব কর্মকর্তা কামরুল ইসলাম মার্কেটটি পরিচালনা করতেন। জিয়াউলের কারণে তারাও ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে কামরুল ইসলামের বক্তব্য জানতে তাঁকে খোঁজ করে পাওয়া যায়নি। নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের ইউনিট উচ্ছেদে সহযোগিতা করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের ঘটনায় করা মামলায় জিয়াউল বর্তমানে কারাগারে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply