খবর বরিশাল ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে বরিশাল নগরীর বেশ কয়েকটি এলাকা। শুক্রবার (৩০ মে) সকাল পর্যন্ত বরিশালে ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ফলে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত হাঁটু সমান পানিতে ডুবে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
নগরীর বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ, রাজাবাহাদুর সড়কসহ আশপাশের অলিগলিতে দেখা গেছে ভয়াবহ জলাবদ্ধতা। এমনকি শহরের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিএম কলেজেও বৃষ্টির পানি জমে রয়েছে। বটতলা এলাকার বাসিন্দা ফাহাদ বলেন, “খাল খনন আর ড্রেন পরিষ্কারের কথা বলা হলেও বাস্তবে সামান্য বৃষ্টিতেই এই এলাকার রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়।
বাজার করতে কিংবা বাসা থেকে বের হতেই হাঁটু পানির ভেতর দিয়ে চলাচল করতে হয়।” সিএনজিচালিত অটোরিকশা চালক শাকিল জানান, “পানিতে গাড়ির মোটরে পানি ঢুকে বিকল হয়ে যাচ্ছে। সারাতে খরচ হচ্ছে, আবার যাত্রীও কম,আয় অনেক কমে গেছে।” আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।
এ অবস্থায় বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মোহাম্মদ সেলিম রেজা জানিয়েছেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে।”
অপরিকল্পিত নগরায়ন, পানি নিষ্কাশনের অযোগ্য ড্রেনেজ ব্যবস্থা ও খালগুলো দখল-দূষণের ফলে জলাবদ্ধতা নগরবাসীর নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করছেন নগরবাসী। দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply