শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৪

শিরোনাম :

ঢাকা-বরিশাল নৌরুটে ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে শুরু হয়েছে বিশেষ লঞ্চ সার্ভিস। মঙ্গলবার (৩ জুন) প্রথম দিনে অর্ধডজনেরও বেশি লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এবারের ঈদযাত্রায় এ রুটে ১২ থেকে ১৩টি লঞ্চ যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মালিকদের দাবি, পদ্মা সেতু চালুর পর এই রুটে যাত্রী সংখ্যা ব্যাপকভাবে কমে যায়। ফলে প্রায়শই লোকসানে চলতে হয়েছে তাদের।

 

 

তবে ঈদকে কেন্দ্র করে যাত্রী বাড়ার সম্ভাবনায় নতুন আশায় বুক বেঁধেছেন লঞ্চ সংশ্লিষ্টরা। যদিও চলমান বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত যাত্রীচাপ আশানুরূপ নয়, তবে ঈদের তারিখ ঘনিয়ে এলে যাত্রী সংখ্যা বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ স্পেশাল সার্ভিসে নির্ধারিত ভাড়ার ভিত্তিতে সিঙ্গেল কেবিনের ভাড়া ১,০০০ টাকা, ডাবল কেবিনের ভাড়া ২,০০০ টাকা এবং ডেকে ভাড়া ৪০০ টাকা রাখা হচ্ছে। সুন্দরবন লঞ্চের মাস্টার মো. আলম বলেন, “বছরজুড়ে যাত্রী সংকটে থাকা এই রুটে ঈদে সাধারণত চাপ বেশি থাকে। এবারও সেই আশায় প্রস্তুতি নিয়েছি।

 

 

তবে আবহাওয়ার কারণে যাত্রী কিছুটা কম, আশা করছি পরবর্তী কয়েকদিনে চাপ বাড়বে।”এদিকে, লঞ্চ চলাচল নির্বিঘ্ন রাখতে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মালবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ফলে যাত্রীবাহী লঞ্চ চলাচলে কোনো বাধা থাকবে না বলে জানানো হয়েছে।

 

বরিশাল বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) শহিদুল ইসলাম বলেন, “যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে টার্মিনালে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও নিয়মিত দায়িত্ব পালন করছেন।” এ বছর বরিশাল নৌরুটে ঈদযাত্রা অপেক্ষাকৃত স্বস্তিদায়ক ও নিরাপদ হবে বলে আশা করছেন যাত্রীরা। তবে শেষ মুহূর্তের যাত্রীচাপ সামাল দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে বাড়তি সতর্ক থাকতে হবে বলেও মত দিয়েছেন পর্যবেক্ষকরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net